ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা পদে আরো তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্রশাসনের ছয়জন উপ-সচিব ও পাঁচজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়।
তথ্য বিবরণীতে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল কর্মকর্তা হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রলয় কুমার ভট্টাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ সাইফুজ্জামানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) এবং মাহবুবুল আলম শাকিলকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব শেখ রজব আলীকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহাব্যবস্থাপক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আশরাফ আলীকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক গণেশ চন্দ সরকারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, সাপোর্ট ফর ডেভেলপমেন্ট অব পাবলিক সেক্টর ইউজ অব আইসিটি আন্ডার ইএমটিএপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলামকে গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন 'বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফর হাইটেক পার্ক (১ম পর্যায়) এর প্রকল্প পরিচালক এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন জ্ঞান রঞ্জন শীলকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) তরুণ কান্তি ঘোষকে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ এবং তথ্য মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপ-সচিব লুৎফর রহমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মোহাম্মদ আমীনকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসার, ওএসডি কর্মকর্তা নূর মোহাম্মদ মাসুমকে জিএনএসপি ইউনিটের সহকারী প্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব আবুল হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত আবু বকর সিদ্দিককে এনবিআর-এর দ্বিতীয় সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসার দেলওয়ার হোসেনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/
bdnews24