২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বৃহস্পতিবার। বৈঠকে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব বিকল্প শক্তি সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বৃহস্পতিবার। বৈঠকে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব বিকল্প শক্তি সৌরবিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নিজে এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। প্রায় তিনঘন্টাব্যাপী বৈঠকে প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সবিস্তারে অবহিত করা হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বোরো মওসুমে কৃষকদের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুত ও গ্যাসের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে এ সব ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি জানতে চান। গ্যাস সঙ্কটের তীব্রতা তুলে ধরে প্রধানমন্ত্রী এসমস্যার দ্রুত সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জানতে চান। আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন 'স্বস্তিকর অবস্থায়' রেখে যাওয়ার কথা বলে শেখ হাসিনা বলেন," গত ৭ বছরে কি কি হয়েছে তার হিসাব নিতে চাই। আমাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়ছে না। গত ৭ বছরে সেটা হয়নি।" প্রধানমন্ত্রী কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও একইসঙ্গে দুর্নীতিমুক্ত থাকার তাগিদ দেন। তিনি বলেন, "আমরা কাজ চাই, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন চাই। কিস্তু সিদ্ধান্ত বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের ভূমিকা নিতে হবে। যেন মানুষের মধ্যে আস্থা ফিরে আসে।" বৈঠক শেষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মোহসীন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়েছেন। সৌর বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি আমদানির ওপর শুষ্ক পুরোপুরি রেয়াত (ওয়েভার) দেওয়ার কথা বলেছেন। এছাড়া ভোলায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় কিনা সে চেষ্টা করার কথা বলেছেন। এখানে ১৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমাদের ছিল।" তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে সাগরে তেল গ্যাস অনুসন্ধান, কয়লানীতি ও সমুদ্র সীমা নির্ধারণ সম্পর্কে অবহিত করা হয়েছে। সচিব জানান, বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় জমি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ওইসব জমির ওপর নির্ভরশীলদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সারোয়ার আলম বলেন, "কয়লা নিয়ে আলোচনা হয়েছে। কয়লা উত্তোলন করা দরকার বলে মত এসেছে। তবে জনগণের ক্ষতিপূরণ ও পরিবেশের বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার আলোচনা হয়েছে বৈঠকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৩০ঘ.