ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে 'কম ও যৌক্তিক' হারে মুনাফা করার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
ব্যবসায়ীদের কাছে সরকারের জন্য পরামর্শও চেয়েছেন তিনি।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসহ (এফবিসিসিআই) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, "মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য কম মুনাফা করে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে সহায়তা করুন।"
আগামী সাতদিনের মধ্যে পাঁচটি প্রাধিকার নির্ধারণ করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতি আনিসুল হকের নেতৃত্বে এফবিসিসিআই, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ), আব্দুল হাইয়ের নেতৃত্বে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রীর বৈঠক করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এগুলোর সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।
এফবিসিআইয়ের পক্ষ থেকে বন্ধ শিল্প কারখানা খুলতে সরকারি সহায়তা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মতো আলাদা পর্যটন অঞ্চল ঘোষণা, বাণিজ্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলো চট্টগ্রামে স্থানান্তর, রপ্তানি মনিটরিং কমিটি গঠন এবং পোশাক শিল্পের মতো চামড়াসহ অন্যান্য শিল্প পণ্যের রপ্তানি বাড়াতে সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
যতো দ্রুত সম্ভব 'গার্মেন্টস পল্লী' বাস্তবায়ন, নিরাপত্তার সুব্যবস্থা, শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধ, পোশাক রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধিতে সরকারের দীর্ঘদিনের উদ্যোগকে বাস্তবায়নে তৎপরতা বাড়ানোর তাগিদ দেন বিজিএমইএ নেতারা।
জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, "ব্যবসায়ী সংগঠনগুলো হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম পরামর্শক। কোন কাজগুলো আগে করা প্রয়োজন তার ভিত্তিতে 'পাঁচটি প্রাধিকার' তৈরি করে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিন। আমরা এগুলো বাস্তবায়নে উদ্যোগ নেব।"
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার হবে ব্যবসা-বান্ধব সরকার। ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ নয়, সরকার ব্যবসায়ীদের সহায়তা করবে। তবে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। ব্যবসায়ীদের মুনাফা কমিয়ে দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করতে হবে। শ্রমিকদের মুখে হাসি ফোটাতে হবে।
এ প্রসঙ্গে শ্রমিকদের কষ্টে অর্জিত আয়ে ব্যবসায়ীদের বিলাসবহুল জীবনযাপন ও বিদেশ ভ্রমণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আপনারা অনেক বড়লোক হয়েছেন। আর কত টাকা চান। টাকা নিয়ে বিদেশে থাকলেও দেখবেন, দেশে ফিরে নিজের ঘরই সবচেয়ে ভাল লাগে। তাই দেশের ও শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হন। এতে দেশের ও সকলের লাভ হবে।"
পরে মুনাফা কম করতে বাণিজ্য মন্ত্রীর আহ্বান সম্পর্কে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা মুনাফার জন্যই ব্যবসা করে। তা না হলে তারা কেন ব্যবসা করবে? তবে এফবিসিসিআই কখনোই মানুষকে কষ্ট দিয়ে অতিরিক্ত মুনাফার পক্ষে নয়। ব্যবসায়ীরা মুনাফা করবে, তা অবশ্যই যথাযথ ও যৌক্তিক হবে।
মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আহমেদ ও অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৯৫২ঘ.
bdnews24