বগুড়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারী গ্রামে রোববার রাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃত তিন শিশু হল- মানিক (২), বুলবুলি (৫) ও মমিন (৬)। এরা গ্রামের আবু তাহেরের নাতি-নাতনি।
অসুস্থ্য আরও চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধূনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. ইমরুল হাসান জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ তিন শিশুর মৃত্যু হয়েছে।
ওই পরিবারের সদস্য তারাবানু জানান, রোববার বিকেলে ৫টার দিকে বাসী ভাত খাওয়ার পর বুলবুলি, মমিন, মানিক ছাড়াও মোহাম্মদ (৭), শাকিল (২), কাশেম (৭) এবং আবু তাহেরের ভাই আব্দুল আজিজ (৬৮), তার স্ত্রী রাবেয়া বেগম (৫৫) অসুস্থ হয়ে পড়ে।
তাদের সবার খিচুনী ও বমি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই মানিক মারা যায়। অসুস্থ্য অন্যদের রাতে হাসপাতালে নেওয়ার পথে বুলবুলি ও মমিন মারা যায়।
অসুস্থ্য কাশেম ও শাকিল ধুনট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আব্দুল আজিজ ও রাবেয়া বেগমকে ভর্তি করা হয়েছে যথাক্রমে মোহাম্মদ আলী হাসপাতাল ও জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24