২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের সতর্ক করে দিলেন হাসিনা

মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি এভাবেই সাবধানবাণী উচ্চারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 07:19 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সাবধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি এভাবেই সাবধানবাণী উচ্চারণ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন,'কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।' আগামী সাত দিনের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিজ নিজ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সকল নথিপত্র বুঝে নেয়ার নির্দেশসহ মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।" ৬ জানুয়ারী সরকার গঠনের পর শেখ হাসিনা সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এই প্রথম বৈঠক করেন। সকাল ১০ টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১০টা তিনি সচিবালয়ে আসেন। এসময় মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব প্রধানমন্ত্রীকে সচিবালয়ে স্বাগত জানান। মন্ত্রিদের সঙ্গে বৈঠকের পর ১২ টা ৫০ মিনিটে সচিবদের সঙ্গে সভা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এখন থেকে প্রায় সময়ই সচিবালয়ে তার দপ্তরে অফিস করবেন। মন্ত্রিসভার অনেক বৈঠকও সচিবালয়েই অনুষ্ঠিত হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসবে। শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকের বলেন, "এখন থেকে প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজন হলে সোমবার ছাড়া বুধবারেও এই সভা হবে।" তত্ত্বাবধায়ক সরকারের সময় রোববার এবং বুধবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয়েছে। এর আগে জোট সরকারের সময় সোমবার মন্ত্রিসভার বৈঠক বসতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জিএনএ/১৩১৯ ঘ.