ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা গোলাম হোসেনের মাদারটেকের বাসায় শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে মারে যাতে জানালার কাচ ভেঙে যায়।
গোলাম হোসেন একে আওয়ামী লীগ কর্মীদের হামলা আখ্যায়িত করেছেন। তবে পুলিশ বলছে, স্থানীয় বখাটেদের আড্ডা দিতে বাধা দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মধ্য মাদারটেকে কমিশনার গোলাম হোসেনের বাসায় হামলা চালায়। তারা বাসার জানালার কাচ ভাংচুর করে ও ভেতরে ইটপাটকেল ছোড়ে।
ওয়ার্ড কমিশনার গোলাম হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরাই এ হামলা চালায়। গোলাম হোসেন বলেন, সন্ধ্যার দিকে তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ২০/২৫ জন নেতাকর্মী অতর্কিতে 'হামলা চালিয়ে' বাসার জানালার কাচ ভাংচুর করে। ভাংচুর শেষে তারা 'থানায় অভিযোগ করলে সবাইকে জানে মেরে ফেলা হবে' বলে হুমকি দিয়ে যায় বলে পরিবারের সদস্যদের উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন।
তবে পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের পর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুর রউফ এ সম্পর্কে বলেন, স্থানীয় কিছু বখাটে কমিশনারের বাসার সামনে আড্ডা দেওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে জানালার কাচ ভাংচুর করে। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বখাটেরা পালিয়ে যায়। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০০২ঘ.
bdnews24