সাতক্ষীরা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি সমর্থিত শ্রমিকদের নেতাদের হটিয়ে সাতক্ষীরার ট্রাক টার্মিনাল দখলে নিয়েছে আওয়ামী লীগপন্থী শ্রমিকরা। টার্মিনালটি দীর্ঘদিন বিএনপি সমর্থিত শ্রমিকদের দখলে ছিল।
শহরের নারকেলতলা এলাকায় অবস্থিত টার্মিনাল দখল নিয়ে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শুক্রবার পুরাপুরি দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত শ্রমিকরা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কিছু জানার আগে টার্মিনাল দখল হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
সেখানে পুলিশ টহলে রয়েছে বলেও ওসি জানান।
আওয়ামী লীগপন্থী শ্রমিক নেতা আব্দুল খালেক বলেন, "বিএনপি সমর্থিত শ্রমিক নেতা হাবিবুর ও খবিরের নেতৃত্বাধীন কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অন্ততঃ পাঁচ বছর যাবত সাতক্ষীরা জেলা ট্রাক ও ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়ন (নম্বর-৭৬৪) দখলে রেখেছিল।"
তিনি দাবি করেন, কোন সাধারণ সভা বা নির্বাচন ছাড়াই ওই কমিটি 'লুটপাট' ও 'চাঁদাবাজি' করে আসছিল।
আব্দুল খালেক জানান, তারা ইতোমধ্যে জরুরি তলবী সভা ডেকে পাঁচ সদস্যের একটি আহবায়ক কমিটি করেছেন। এর নেতৃত্বে রয়েছেন আব্দুল রকিব।
হাবিবুর ও খবির বলেন, তাদেরকে জোরপূর্বক টার্মিনাল থেকে বিতাড়িত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24