২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কৃষক লীগ নেতার মেয়েকে ধর্ষণের পর হত্যা

পাবনার সুজানগর উপজেলার এক গ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষিত মেয়েটির বাবা স্থানীয় কৃষক লীগের নেতা রকিব আল কুদ্দুস। ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনের একজন বিএনপির কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

পাবনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাবনার সুজানগর উপজেলার এক গ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষিত মেয়েটির বাবা স্থানীয় কৃষক লীগের নেতা রকিব আল কুদ্দুস। ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনের একজন বিএনপির কর্মী। সুজানগরের গাবগাছি গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রুবাইত বিনতে রকিব হৃদি (১২) নামে মেয়েটিকে অপহরণ করা হয়। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের বাবা সুজানগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন হলেন- স্থানীয় বিএনপির কর্মী ইউনুস আলী (২২)। তিনি গাবগাছি গ্রামের মৃত আবু বকরের ছেলে। অপর জন হলেন- একই গ্রামের রওশন আরা। রকিব আল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে হেরে গিয়ে প্রতিশোধ নিতে বিএনপির সন্ত্রাসীরা তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যা করেছে।" রকিব বলেন, গত সংসদ নির্বাচনে তিনি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের পক্ষে কাজ করেন। 'সন্ত্রাসীরা' তাকে খন্দকারের পক্ষে কাজ না করতে চাপ সৃষ্টি করেছিল। এ অভিযোগ অস্বীকার করে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা হাবিব বলেন, "নির্বাচন সংক্রান্ত সহিংসতায় এ ঘটনা ঘটেনি। সন্ত্রাসীরা এর জন্য দায়ী। বিএনপি নেতা-কর্মীদের অযথা জড়ানো হচ্ছে।" সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী হৃদিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করার পর হত্যা করে। পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি জানান, গ্রেপ্তার দুজনের মধ্যে ইউনুস আলী স্থানীয় বিএনপির কর্মী বলে তারা 'শুনেছেন'। ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২১০৯ঘ.