বান্দরবান, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার জন্য পিএইচপি'র বাগান ব্যবস্থাপককে দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসন পুরো ঘটনার জন্য তাকে দায়ী করে। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তির ইন্ধন থাকতে পারে বলেও প্রশাসন ধারণা করছে।
ছয় দফা দাবি আদায় নিয়ে গত ৫ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় পিএইচপি রাবার বাগানের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল মারা যান। এ ঘটনায় ৬৬ জন শ্রমিকের নাম উল্লেখসহ প্রায় তিন হাজার লোককে আসামি করে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২১ জনকে।
সংঘর্ষের জের ধরে উদ্ভূত সংকট নিরসনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন রাবার বাগান মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠক করে।
তবে শ্রমিকদের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে- মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে তারা কাজে যোগ দেবে না।
বৈঠকে প্রধান অতিথি সাংসদ বীর বাহাদুর ও রাবার বাগান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর বলেন, রাবার একটি সম্ভাবনাময় শিল্প। একে বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব। কিছু দাবি-দাওয়া নিয়ে পুরো শিল্পকে ধ্বংস করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।
বৈঠকে শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে মাসিক বেতন ২৫০০ টাকা ও চিকিৎসা ভাতা ১০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ৫ জানুয়ারির ঘটনায় অজ্ঞাত ২/৩ হাজার লোকের বিরুদ্ধে মামলা হলেও তাদের হয়রানি বা গ্রেপ্তার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
তবে যে ৬৬ জনের নামে মামলা এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পিএইচপি রাবার বাগানের ব্যবস্থাপক আবুল হোসেনর ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
জেলা প্রশাসক মওদুদ এ কে কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের প্রতিনিধি মেজর ফজলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফরুল ইসলাম আজিজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব কবীর, অতিরিক্ত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব, রাবার বাগান মালিক নুরুল আলম, সিরাজুল হক সজল, মো. কাবিল, মংমং চাক, অ্যাডভোকেট আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ, বাইশারী ইউপি চেয়ারম্যান নুরুল আজিম, পিএইচপি গ্র"পের সিনিয়র ব্যবস্থাপকসহ (করপোরেট) বিভিন্ন রাবার বাগানের মালিক, বাইশারী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
মামলা থাকায় বৈঠকে কোন শ্রমিক উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে দাবি উত্থাপন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আজিম ও মাওলানা আব্দুল গফুর।
এ ব্যাপারে বাইশারী রাবার বাগান শ্রমিক বহুমুখী সমিতির সেক্রেটারি জাহিদ হোসেন শুক্রবার মোবাইল ফোনে জানান, বৈঠকে শ্রমিকদের ন্যায্য দাবি, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তিনি হতাশ। মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি ছাড়া কোনো শ্রমিক কাজে যোগ দেবে না বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24