নাটোর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক গরু ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ এসেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে।
আবুল কালাম আজাদ (৩৫) নামে ওই ব্যবসায়ীর তিনটি দাঁত ভেঙে গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদের বাড়ি শহরের তেবাড়িয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর চিনিকলের আনসার ব্যারাকের সামনে জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক ময়েজ উদ্দিনসহ যুবলীগ কর্মীরা কালামকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক পেটায়। আহত আজাদকে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
কালাম গত সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেন। এর জের ধরে এই মারধর হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে বিএনপি প্রার্থীর হয়ে কাজ করায় কালামকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।"
তবে যুবলীগ নেতা ময়েজউদ্দিন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "ক্ষমতায় থাকাকালে বিএনপিকর্মীরাই বরং আমার ওপর অনেক নির্যাতন চালিয়েছে।"
এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। তবে কালামের স্বজনরা জানিয়েছেন, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৭ ঘ.
bdnews24