রাজবাড়ি, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগকর্মী আজিম হোসেন খান হত্যা মামলায় চার বিএনপিকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজবাড়ির একটি আদালত।
রাজবাড়ির অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ বকাউল বুধবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হচ্ছে- শফিকুল আলম শফিক, মোহসীন উদ্দিন বাবুল, সাইদ এবং জামাল। রাজবাড়ি শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের এই চার বাসিন্দাই বিএনপি কর্মী।
এলাকার বিরোধের জের ধরে ২০০৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ ভবানীপুরে আজিম হোসেনকে কুপিয়ে আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিম পরদিন মারা যায়।
আজিমের মৃত্যুর পর তার ভাই নাসিম হোসেন বাদি হয়ে ১৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই ১৪ জনকে আসামি করেই আদালতে অভিযোগপত্র দেয়।
তবে বুধবারের রায়ে ১০ আসামিকে খালাস দিয়েছে আদালত। ০এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24