সুমন কে চক্রবর্তী ,
সিএনএন-আইবিএন ন্যাশনাল অ্যাফেয়ার্স করেসপন্ডেন্ট
নতুন দিল্লী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে জড়িত তিন বাংলাদেশীসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে কলকাতা পুলিশ।
পুলিশ বলছে, নুরুল ইসলাম দীপু, ওয়াহিদুল ইসলাম টিপু, সাঈদ আহমেদ মঞ্জু এবং জাকির হোসেন রূপককে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিচালক ভুপিন্দর সিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বিশেষ দল রোববার রাতে দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এরা সবাই বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত আসামি।
এদের মধ্যে নুরুল ইসলাম দীপু আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং ওয়াহিদুল ইসলাম টিপু ও সাঈদ আহমেদ মঞ্জু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়া জাকির হোসেন রূপক রাজধানীর তিতুমীর কলেজ ছাত্র সংসদের ভিপি আঁখি হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
সবাই 'হাওয়ালার' টাকা সংগ্রহের জন্য কলকাতা অবস্থান করছিল বলে পুলিশকে জানিয়েছে।
দীপু বলেছে সে এবং রেজাউল করিম ও শাওন আহমেদ নামে আরো দু'জন জাল পাসপোর্টে ভিসা নিয়ে বেলজিয়াম পালিয়ে যায়। কিন্তু পরে দীপু আরেকটি জাল পাসপোর্ট নিয়ে বেলজিয়াম থেকে নেপাল আসে। গত তিন মাস আগে নেপাল থেকে সে ভারতে প্রবেশ করে।
দীপু নিজেকে জাতীয় পার্টির ছাত্র সংগঠনের নেতা বলে পুলিশের কাছে দাবি করেছে।
ফরেনারস অ্যাক্টের ১৪ ধারায় তাদের আটক করা হয়। ভারতে অবৈধ অভিবাসীদের জন্য এ আইন প্রয়োগ করা হয়। যাতে অবৈধ অবস্থানের দায়ে ভারতে বছরখানেক জেল খাটার পরই তাদের পুশব্যাক করা যায় এ লক্ষ্যে তাদের লঘু এ ধারায় আটক দেখানো হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকায় বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রকম একটি কথা আমি শুনেছি। তবে এখনো নিশ্চিত নই। ভারতের সংশ্লিষ্ট কর্মকতাদের সাথে যোগাযোগ করা হবে।"
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিআইডি কর্মকর্তা বলেন, "আহসানউল্লাহ হত্যা মামলার দুই আসামীকে কলকাতা পুলিশ ধরেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে বিষয়টি এখনো আনঅফিসিয়াল রয়েছে। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। "
ওই কর্মকর্তা আরো বলেন, "এই আটকে আমাদের আনন্দিত হবার কিছু নেই। কারণ ভারতের সঙ্গে আমাদের কোন বন্দি বিনিময় চুক্তি না থাকায় তারা এদের স্বেচ্ছায় তুলে না দিলে কিছু করার থাকবে না। এর আগে তারা কোন চুক্তি ছাড়াই কয়েকজনকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখন সেটা সহজ নাও হতে পারে। এখন নতুন সরকারকে এই চুক্তি করার দিকে জোর দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৫৮ঢ়.
bdnews24