ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। দিনের বেলায়ও গাড়ি চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। গরিব মানুষের কষ্ট বেড়েছে ।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ-
দিনাজপুর: কনকনে শীতে দিনাজপুরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তাপমাত্রা ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। শীত ও কুয়াশার দাপটে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
শনিবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়া অফিস গত ১ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্র, ২ জানুয়ারি ১২ ডিগ্রি এবং আজ (শনিবার) ৩ জানুয়ারি সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
গত তিনদিন থেকে ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ শীতকে তীব্রতর করে তুলেছে। দুপুরের পর সুর্যের আলো দেখা গেলেও শীতের তীব্রতা কমছে না। শরীর থেকে শীতবস্ত্র নামানোই হয় না সারদিন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো এলাকা। রাতে যানবাহন চলছে ধীর গতিতে, ঝুঁকি নিয়ে। বেলা ১০টা পর্যন্ত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
তীব্র শীতে দরিদ্র ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জেলা প্রশাসন থেকে গত ডিসেম্বরে প্রায় আট হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নীলফামারী: প্রচণ্ড শীতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শীত বস্ত্রহীন মানুষেরা। দিনের অধিকাংশ সময় খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে তারা। এখানে কুয়াশা ঝরছে বৃষ্টির মতো।
চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক ওয়ালীউর রহমান হেলালের বরাত দিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, শনিবার সকালে সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় অঞ্জাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত তিনদিন ধরে ওই বৃদ্ধ শীতবস্ত্রহীন অবস্থায় কলেজ সড়কের পাশে পড়ে ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, এছাড়া নীলফামারী হাইস্কুল মাঠে গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইস্তেমায় আসা দিনাজপুরের খানসামা এলাকার বৃদ্ধ মনসের আলী শনিবার সকালে আখেরী মোনাজাতের সময় মারা গেছেন।
রংপুর: শৈত্য প্রবাহের কারণে রংপুরে জনজীবন অচল হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশার জন্য আলোর দেখা পাওয়া যায় না। শীতবস্ত্রহীন দরিদ্র মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। ঘন কুয়াশায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
জেলা ত্রাণ কর্মকর্তা জগজীশ রহমান জানান, রংপুরে সহায় সম্বলহীন দু'লাখ মানুষের জন্য ত্রাণ অধিদপ্তর থেকে মাত্র ১৪ হাজার শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
২৫ হাজার শীতবস্ত্র চেয়ে ত্রাণ অধিদপ্তরে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ ভর্তি হচ্ছে হাসপাতালে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদার রহমান জানান, প্রচণ্ড শীতে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে।
ঠাকুরগাঁও: জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিনদিন যাবত ঠাকুরগাঁওয়ে কনেকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।
গত তিনদিন থেকে শুরু হলেও শনিবার শীতের তীব্রতা বেড়ে গেছে। এ কারণে শীতবস্ত্রের দামও বেড়ে গেছে।
শহরের ফুটবল খেলার মাঠের পার্শ্বে, হকার মার্কেট, ঠাকুরগাঁও রোড ও জজকোর্ট এলাকায় গরম কাপড় ও পুরনো কাপড়ের দোকনে দাম অনেক বেড়ে গেছে। তাই বিপাকে পড়ে গরিব মানুষেরা।
এদিকে বেসরকারি সংস্থা ইএসডিও এবং গ্রামীণফোন যৌথভাবে শহরের হরিজন পাড়ায় তিনশ কম্বল বিতরণ করেছে। জেলা প্রশাসন থেকে জগন্নাথপুর ও নারগুন গুচ্ছ গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24