২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রভাবমুক্তভাবে কাজ করতে পারবে: আইজিপির আশা

আগামীতেও পুলিশ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। নির্বাচনোত্তর সহিংসতাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামীতেও পুলিশ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। নির্বাচনোত্তর সহিংসতাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। নূর মোহাম্মদ বলেন, "আগামীতে পুলিশ আর রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না বলে আশা করতে পারি।" তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর পুলিশ যেভাবে কাজ করছে আগামী দিনগুলোতেও সেভাবে করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে পুলিশের এ শীর্ষ কর্মকর্তা বলেন, "বিগত রাজনৈতিক সরকারের আমলগুলোতে পুলিশ মোটেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেনি। একটা মামলা হলে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করতে পারেনি। আগামী সরকারের আমলে পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে তার কাজ করে যেতে পারবে।" ঝিনাইদহে একজন নবনির্বাচিত নেতা পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ করে তিনি বলেন, "ঝিনাইদহে সংঘর্ষ থামাতে পুলিশ অ্যাকশনে গেলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের একজন উপ-পরিদর্শকও আহত হন।" নূর মোহাম্মদ বলেন, "পুলিশ কারও দ্বারা প্রভাবিত হওয়ার মতো অবস্থায় নাই আমি এ কথা বলতে পারি। এ বিষয়ে মামলা হবে এবং আসামী গ্রেপ্তার করা হবে। আমাদের কাছে সব অপরাধীই সমান।" নির্বাচনোত্তর সহিংসতার বিষয়ে তিনি বলেন, "পুলিশের নিরাপত্তা প্রস্তুতির একটি অংশই ছিল নির্বাচনোত্তর সহিংসতা দমন। আমরা চেষ্টা করেছি। কিন্তু দেশে যখন একটা পরিবর্তন আসবে তখন এ ধরনের কিছু ঘটনা ঘটতে পারে।" অনেক রাজনৈতিক দল এসব ঘটনাকে 'রাজনৈতিক দৃষ্টি' নিয়ে দেখার চেষ্টা করছেন মন্তব্য করে আইজিপি বলেন, "এগুলো আরও তদন্ত করা হচ্ছে। আর কোথাও যদি পুলিশের বিরুদ্ধে কোনও অপেশাদার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া যায় তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।" পুলিশের অবস্থার উন্নতির জন্য কী ব্যবস্থা নেওয়া হবে এ প্রসঙ্গে তিনি বলেন, "সরকার যদি মনে করে পুলিশকে কিছু দিলে ভাল কিছু হবে তাহলে সরকার পুলিশকে তা দেবে।" পুলিশের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হওয়া উচিত-এ মন্তব্য করে নূর মোহাম্মদ বলেন, "মানুষ সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে পুলিশকে দেখে। পুলিশ মানবাধিকার রক্ষা করে, কিন্তু পুলিশের মানবাধিকারের বিষয়টা চিন্তা করুন। একটা মানুষ জনগণের নিরাপত্তা দিতে গিয়ে ঈদ-পূজায় ছুটি পায় না। কখনও ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। একটা মানুষ ২৪ ঘণ্টা উিউটি করলে তার মেজাজ কতোখানি ভাল হতে পারে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৩৪ঘ.