ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে মঙ্গলবার রাতে উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সোয়া ৮টায় ঢাকায় নামেন। স্ত্রী নিনা আহমদও তার সঙ্গে দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব ও সফর সঙ্গী সৈয়দ ফাহিম মুনয়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সোয়া ৮টায় প্রধান উপদেষ্টা ও তার স্ত্রী দেশে ফিরেছেন।"
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসমরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ফখরুদ্দীন হেয়ার রোডের বাসায় যান।
জাতিসংঘের ৬৩তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২০ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। গত শুক্রবার রাতে অধিবেশনে ভাষণ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24