ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী সিডরে প্রাণ হারিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বহু মানুষ। হারিয়েছে সহায় সম্বল, ঘরবাড়ি। সেবার তারা ঈদ উদযাপন করার কয়েকদিনের মধ্যে নেমে আসে ঝড়ের করাল গ্রাস। এবারের ঈদে তাদের বারবার মনে পড়ে যাচ্ছে সেই ভয়াল দিনের কথা, জেগে উঠছে স্বজন হারানোর বেদনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরের প্রতিনিধিরা তুলে ধরেছেন তাদের অনুভূতি।
বাগেরহাট: মুদি দোকানী স্বামীর আয়ে ভালই চলছিল সংসার। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর তার সব স্বপ্ন ভেঙে খানখান করে দিয়েছে। জলোচ্ছ্বাসে তার পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি স্বামী কালাম মাতুব্বর (৩৭) ও আদরের বড় সন্তান সাথীকে (৫) ভাসিয়ে নিয়ে গেছে। স্বামী ও সন্তানকে হারিয়ে তিনি এখন নিঃস্ব। "ঈদের খুশির দিনে মেয়ে সাথী আর ওর ব্যাপে যদি ব্যাইচা থাকতো তইলে কি আনন্দই না হতো।"
শরণখোলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামের স্বামী-সন্তান হারা জাহানারা বেগম (৩০) মঙ্গলবার সকালে বাষ্পরুদ্ধ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার কষ্টের কথা বলছিলেন।
রায়েন্দা গ্রামের স্বামী-সন্তান হারা রেহেনা বেগম বলেন, স্বামী ফিরোজ আহমেদ (৩৮), মেয়ে জানজিরা (৭), ফাহিজা (৫) ও ছেলে রাব্বি (১১) সিডরের জলোচ্ছ্বাসে মারা যায়। আল্লাহ তাকেও যদি নিয়ে যেত তাহলে এত কষ্ট ভোগ করতে হতো না। স্বামী সন্তান যদি না থাকে তাহলে বেঁচে থেকে লাভ কী। ঈদের কথা মনে করিয়ে দিতেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। কাটা কাপড়ের ব্যবসায়ী স্বামী ফিরোজ আহমেদ গত ঈদে তাকে শাড়ি ও তার তিন সন্তানকে নতুন জামা কিনে দিয়েছিলেন। কিন্তু এ বছর ঈদ আনন্দ তার কাছে বিষাদে রূপ নিয়েছে।
রায়েন্দা বাজারের ইসমাইল হোসেন লিটনের সেই রাতের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ঈদে সামর্থ্য অনুয়ায়ী মানুষ কমবেশি কেনাকাটা করছে। কিন্তু আমরা যাদের হারিয়েছি তাদের মুখগুলো বারে বারে মনে পড়ছে। আমদের জন্য এবারের ঈদে খুশির কিছুই নেই।
নিজের কথার পাশাপাশি তিনি শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের স্বজনহারা পরিবারগুলোর কষ্টের কথাও জানান।
রাত পোহালেই ঈদ। গত ঈদুল ফিতরেও ছিল এসব পরিবারে আনন্দের ঘনঘটা। এমন খুশির দিনে পরিবারের সবাই মিলে আত
bdnews24