২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপদুর, ফরিদপুর ও টাঙ্গাইলে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপদুর, ফরিদপুর ও টাঙ্গাইলে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। এর মধ্যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তেলবাহী লরি চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষক মো. দেলোয়ার হোসেন (৪০) ও তার ছেলে শুভ (১৩)। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। টাঙ্গাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার পর টাঙ্গাইল বাইপাসের রাবনা এলাকায় ঢাকা-যমুনা সেতু মহাসড়কে যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকার সাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে লরি চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী দেলোয়ার ও তার ছেলে শুভ। চান্দিনা সিনিয়র মাদ্রাসার শিক্ষক দেলোয়ারের বাড়ি চাঁদপুরের মহামায়া কেতুয়া গ্রামে। (আরও তথ্যসহ) শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহের জানান, দেলোয়ার আর তার পরিবারের সবাই কচুয়া থেকে চাঁদপুর সদরের মহামায়া কেতুয়া গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন। তিনি ছেলে শুভকে নিয়ে মটরসাইকেলে এবং তার স্ত্রী কামরুন্নাহার (৩২) আর মেয়ে তাসকিরুন্নাহার (১০) যাচ্ছিলেন বাসে। বিকেল সাড়ে ৩টার দিকে তার মটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। লরিটি আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুর: ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাতটার দিকে বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান পথচারী সাইদুল (১৮)। একইস্থানে সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় টমটম (ছাদওয়ালা পিকআপ ভ্যান) চাপায় মারা গেছে রাকিব (১২) এক শিশু। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, টমটমটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইল: শহরের বাইপাসের রাবনায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমুর্ষু অবস্থায় শামীম (৩২) নামে একজনকে পাঠানো হয়েছে ঢাকায়। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মজিবুল হক জানান, দুর্ঘটনার পর রাস্তার দুপাশে কয়েকশ' গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ৭টার দিকে একটি গাড়ি সরিয়ে নেওয়ার পর একমুখী যানবাহন চলাচল শুরু হয়। সকাল ১১টার দিকে অপর গাড়িটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩০ ঘ.