২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় দুজন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মঙ্গলবার সকালে পণ্যবাহী ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে দুইজন এবং নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মঙ্গলবার সকালে পণ্যবাহী ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে দুইজন এবং নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ম্যাক্সি আরোহী সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া গ্রামের রাশিদা আক্তার (১৮) এবং ম্যাক্সির হেলপার শঙ্কর (২৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কলি পাল (২৮)। হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের টোব্যাকো গেটের সামনে সকাল সাড়ে ৮টার দিকে একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে একটি নাভানা ম্যাক্সিকে ধাক্কা দিলে মহিলাসহ দুইজন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তারা মারা গেছেন।" এদিকে, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি বাসায় ল্যাপটপ কম্পিউটার খুলতে গিয়ে সকাল পৌনে দশটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন কলি পাল। কলি চান্দগাঁও আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসার বাসিন্দা মিলন পালের মেয়ে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হবার পরপরই তাকে হাসপাতালে এলে এখানেই তার মৃত্যু হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমএইচবি/১৯৩৯ ঘ.