২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা জাফর উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক দুই মামলায় এই গ্রেপ্তারি পরোয়োনা জারি করেন। আগামী ৮ অক্টোবর কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে কি না বা তিনি কোথায় আছেন সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। আওয়ামী লীগের এ নেতার বোন সাবিহা মাহবুব এবং ভাগ্নে আবদুল্লাহ ইউসুফ এমরানের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদের অভিযোগপত্র থেকে অব্যহতি দেয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা দু'টির বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক মো. আবুল কাশেম। মুদ্রা পাচার মামলার অভিযোগপত্রে আবুল কাশেম বলেন, কাজী জাফর উল্লাহ ২০০৬ সালের ১৬ জানুয়ারি বনানীর প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি গুলশানের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে যথাক্রমে ২ কোটি ৪০০ টাকা ও ৬ কোটি ৩০ লাখ ৪০০ টাকা তোলেন। ওই টাকা গোপন করার জন্য তিনি বোন সাবিহা মাহবুব ও ভাগ্নে আবদুল্লাহ এমরান ইউসুফের নামে প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ৭ কোটি ৪০০ টাকা স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন। এভাবে জাফর উল্লাহ ৭ কোটি ৪০০ টাকা অবৈধভাবে হস্তান্তর করে মুদ্রা পাচার আইনে অপরাধ করেছেন। গত ১২ জুন গুলশান থানায় এ মামলাটি দায়ের হয়েছিল। অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্রে বলা হয়, জাফর উল্লাহ ১৫ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ব্যাপারে গত ৮ জুন একই থানায় মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসকে/১৬২০ঘ.