চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফয়'স লেকে সোমবার আনসার সদস্যদের সঙ্গে লেক পরিচালনাকারী বেসরকারি সংস্থা কনকর্ড গ্র"পের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে চার আনসার সদস্যসহ দশজন আহত হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের পালার ডিউটি শেষে সোমবার সকাল ৮টার দিকে ফেরার পথে বোটে ওঠা নিয়ে আনসার সদস্যদের সঙ্গে কনকর্ডের নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডা হয়। একসময় আনসার সদস্যরা সংস্থাটির নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হয় এবং দুইজনকে ধরে তাদের ব্যারাকে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ কনকর্ডের নিরাপত্তা কর্মীরা স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে লেক সংলগ্ন আনসার ক্যাম্পে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আনসার সদস্যরা দশ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর পুলিশের উপস্থিতিতে আনসার ও কনকর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে উভয়পক্ষ সম্মত হয়।
ঘটনায় আহতরা হলেন- কনকর্ডের নিজস্ব নিরাপত্তাকর্মী কাশেম, হারুন, আবুল হোসেন, কামাল, হাশেম, হান্নান এবং আনসার সদস্য প্রদীপ কুমার দাশ, সামিউল ইসলাম, সাইদুল ইসলাম ও মশিউর রহমান।
আহত কনকর্ড নিরাপত্তাকর্মীদের স্থানীয় একটি ক্লিনিকে ভতি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি স্বীকার করে কনকর্ডের নির্বাহী পরিচালক মোজাফ্ফর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনসার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসকে/১৯১২ঘ.
bdnews24