২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও

ঋণ আদায়ের নামে গ্রাহকের গাড়ি ছিনতাই মামলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান তারিক মুরাদ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ আদায়ের নামে গ্রাহকের গাড়ি ছিনতাই মামলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান তারিক মুরাদ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। মুরাদ দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিক ৫ লাখ টাকার মুচলেকায় তাকে জামিন দেন। জামিন আবেদনে ওসমান তারিক মুরাদের আইনজীবী আনিসুল হক আদালতে বলেন, তার মক্কেল একজন বিদেশি (পাকিস্তানী) নাগরিক। বাংলাদেশের বাজারে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বৈশ্বিক নীতিনির্ধারণের সঙ্গে তিনি যুক্ত। ব্যাংকের ঋণ ও ঋণ পুনরুদ্ধারের সঙ্গে তার সম্পর্ক নেই। তিনি দাবি করেন, বার বার তাগিদ দেওয়ার পরও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণের শর্ত অনুযায়ী বাদীর গাড়িটি নিয়ে নেওয়া হয়েছে। নিউ ডিওএইচএস নিবাসী আফরোজা জামিলের দায়ের করা এ মামলায় একই হাকিম গত ২২ সেপ্টেম্বর মুরাদ ও ব্যাংকের ধানমণ্ডি শাখার সিনিয়র ম্যানেজার (কালেকশন) জিয়া হাসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। জিয়া হাসান চৌধুরী গত ২৩ সেপ্টেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। গত ৩০ মার্চ মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, আফরোজা জামিল ২০০৬ সালে মাইক্রোবাস কেনার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নেন। ৬০ কিস্তিতে ঋণটি পরিশোধের চুক্তি ছিল। টানা ১৯ কিস্তিতে ৭ লাখ টাকা পরিশোধের পর তিনটি কিস্তি শোধ করতে ব্যর্থ হন তিনি। এতে অভিযোগ করা হয়, এর পর ব্যাংক ঋণ পরিশোধের চূড়ান্ত নোটিশ না দিয়েই ক্রেডিট কেয়ার নামের একটি ঋণ আদায়কারী প্রতিষ্ঠানের 'ভাড়াটে মাস্তান' দিয়ে চলতি বছরের ২ মার্চ মাইক্রোবাসটি 'ছিনিয়ে নেয়'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/১৯০৪ঘ.