ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দপ্তরগুলো মঙ্গলবার বন্ধ থাকবে কি না সে ব্যাপারে সোমবার দুপুর পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সংস্থাপন সচিব মো. মোসলেহ উদ্দিন সোমবার দুপুর ২টার দিকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার অফিস বন্ধ রাখার ব্যাপারে সর্বোচ্চ মহল থেকে এখনও পর্যন্ত কোনো দিক-নির্দেশনা আমি পাইনি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (মঙ্গলবার) সরকারি অফিস খোলা থাকছে।"
সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হলে যত দ্রুত সম্ভব তা তথ্যবিবরণীর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে সচিব বলেন, "সাধারণত ঈদের ছুটি হয় তিন দিন। ঈদের দিন এবং ঈদের আগের ও পরের দিন। কিন্তু রোজা ২৯টি না কি ৩০টি হবে তা আগে কোনভাবেই নির্ধারণ করা সম্ভব নয়। তাই বোঝা যাচ্ছে না ঈদের আগের দিন কী বার হবে। সুতরাং স্বাভাবিকভাবেই আগামীকাল মঙ্গলবার সরকারি অফিস খোলা থাকছে।"
তিনি এও বলেন, অফিসে উপস্থিত থাকাটা খুব বেশি জরুরি নয়- এমন কর্মকর্তা ও কর্মচারীরা ইতোমধ্যে মঙ্গলবার ছুটি নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/এমএইচবি/১৪৫৪ ঘ.
bdnews24