সাভার, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার সকালে মো. রানা (২২) নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে সাভার পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত রানা দিনাজপুরের বিরল থানার রুস্তম আলীর ছেলে। সে সাভারের জামগড়া এলাকার ছানোয়ার হোসেনের দোকানে কসাইয়ের কাজ করত এবং তার বাড়িতেই থাকত।
ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রানা বাড়ির পাশে তাহেরের মুদি দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে আর ফেরেনি। রাতে আশেপাশে এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সোমবার সকালে গোরাট এলাকায় রাহেল মেম্বারের বাশঁঝাড়ে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে নিহত রানাকে সনাক্ত করেন ছানোয়ার।
তিনি বলেন, "রানা খুবই ভদ্র ছেলে ছিল। জামগড়ায় তার কোনো শত্র" থাকার কথা আমার জানা নেই।"
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায় রশির ফাঁস লাগানো ছিল। লাশের ডান পা ও বাম কান শিয়াল খেয়ে ফেলেছে।
সোমবার সকালে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উপ-পরিদর্শক মুরাদ বলেন, "প্রেমঘটিত কারণে রানাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪১৭ ঘ.
bdnews24