ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে রোববার দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে গুলি করে ও অন্যজনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর জানান, রোববার দুপুরে নরেন্দ্র বসাক লেনের একটা জুতার সোল তৈরির কারখানা থেকে আব্দুল হক মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের ১৪টি আঘাতের চিহ্ন রয়েছে। দুবৃত্তরা শনিবার তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল হকের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। হত্যার কারণ জানা যায়নি।
এদিকে রোববার সন্ধ্যা ৭টার দিকে নন্দলাল দত্ত লেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে।
উপ-পরিদর্শক হুমায়ুন জানান, নিহতের পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।
এ হত্যাকাণ্ডের কারণও উদ্ধার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24