২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল থেকেই লঞ্চে জায়গা দখলের লড়াই

রাজধানীর সদরঘাট টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। অধিকাংশ লঞ্চ বিকেল বা সন্ধ্যায় ছাড়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই আসন দখলের লড়াইয়ে নামেন যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সদরঘাট টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। অধিকাংশ লঞ্চ বিকেল বা সন্ধ্যায় ছাড়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই আসন দখলের লড়াইয়ে নামেন যাত্রীরা। বরিশালের যাত্রী মেহেদী আহমেদ রুমীসহ কয়েকজন যাত্রী রোববার দুপুরে বললেন, অধিকাংশ কেবিন আগে থেকেই ভাড়া হয়ে যায়। তাই একটু ভাল জায়গা পেতে সকালেই লঞ্চে আসেন যাত্রীরা। তা না হলে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হয়। দুপুর ১২টার দিকে টার্মিনালে গিয়ে আটটি প্রবেশপথের প্রতিটির সামনে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভেতরে গিয়ে দেখা গেল, যাত্রীরা নিজের নিজের গন্তব্যের লঞ্চে উঠে জায়গার দখল নিচ্ছেন। আর বাইরে লাইন দিয়ে টিকেট কিনছেন অনেকে। দূরপাল্লার প্রতিটি লঞ্চই ছাড়ে বিকেল পাঁচটার পর। তবে যাত্রী ভরে গেলে নির্ধারিত সময়ের আগেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় লঞ্চগুলো। অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য টার্মিনালে মাইকিংয়ের ব্যবস্থা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিক সমিতি। টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম জানালেন, ভ্রাম্যমাণ আদালতও মাঝেমধ্যে এসে সার্বিক অবস্থা দেখে যাচ্ছে। জহুরুল ইসলাম জানান, ঈদের নিরাপত্তার জন্য সদরঘাট টার্মিনালে দুই শিফটে প্রায় ২৭০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। লঞ্চ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল জানান, এবার লঞ্চের যাত্রী অপেক্ষাকৃত কম। এ কারণে ব্যবসা কিছুটা কম হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদ সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রতিদিন ৪১টি রুটে লঞ্চ ছেড়ে যায় রাজধানীর প্রধান এ নৌবন্দর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এসকে/২১৩৩ঘ.