বাগেরহাট, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট সার্বজনীন পূজা মন্দিরে নির্মাণাধীন দুটি প্রতিমা ভাংচুর করা হয়েছে।
শনিবার ভোররাতের কোন এক সময়ে অজ্ঞাত ব্যাক্তিরা এই ঘটনা ঘটায়।
প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পোলঘাট সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি নিরঞ্জন দত্ত জানান, বৃষ্টির কারণে শনিবার রাতে প্রতিমা নির্মাণে নিয়োজিত ব্যক্তিরা স্বরস্বতী, কার্ত্তিক, লক্ষ্মী ও গণেশ প্রতিমা মন্দিরের বারান্দায় তুলে রেখে যান। সকালে তারা এসে গণেশ ও কার্ত্তিক প্রতিমা দুটি ভাঙা অবস্থায় বাইরে পড়ে থাকতে দেখেন।
জেলা ও পুলিশ প্রশাসনকে ঘটনা জানানো হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল থেকে ফিরে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির রোববার দুপুরে জানান, মন্দির কর্তৃপক্ষ এই ঘটনার জন্য সন্দেহভাজন কারো নাম বলেনি, থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।
জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৃথক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তাারের দাবি জানিয়েছে।
বিবৃতিদাতারা হলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শিবপ্রসাদ ঘোষ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা মিলন ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অমিত রায়, বাগেরহাট পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পারিজাত পাল, সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, নির্বাহী সদস্য সুযশ মণ্ডল, মানস তালুকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24