ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলমানদের পবিত্র লাইলাতুল কদর পালিত হবে শনিবার রাতে।
হিজরি দিন পঞ্জী অনুযায়ী, রমজান মাসের ২৭ তারিখ রাতকে 'শব-ই-কদর' বা 'লাইলাতুল কদর' হিসেবে পালন করে থাকে অধিকাংশ মুসলিম। 'পুণ্যময়' এ রজনীতে ইবাদত-বন্দিগীতে মশগুল থাকে তারা।
রাতটি যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে জন্য নিরাপত্তা বাহিনীকেও সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশ মোতায়েন করা হবে।
শনিবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং স্বজনদের কবর জিয়ারত করে সময় কাটাবেন।
'লাইলাতুল কদর' এর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্মে এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম রাত বলে অভিহিত করা হয়। এ রাতে মুসলমানদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছে।
কুরআন শরিফে মহিমান্বিত এই রাতকে নির্দিষ্ট না করে বলা হয়েছে, রমজানের শেষ ১০ দিনের যে কোনও একটি বেজোড় রাতই হবে লাইলাতুল কদর। অধিকাংশ আলেমের মতে, এই বিশেষ রাতটি হচ্ছে ২৭ রমজান। এর পক্ষে যুক্তি দেখানো হয়, কুরআনে 'লাইলাতুল কদর' বাক্যাংশটি তিন বার উচ্চারিত হয়। আর এ বাক্যাংশে শব্দ রয়েছে নয়টি। সেভাবে হিসাব করে বলা হয়, (৩*৯=২৭) ২৭ রমজানই লাইলাতুল কদর বলে ইঙ্গিত রয়েছে।
ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্য সময়ে এক হাজার রাত ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরে এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভব। এ জন্যই মুসলমানদের মধ্যে এই রাতে পুণ্য পাওয়ার আশায় নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার করে সময় কাটিয়ে থাকেন।
প্রতিবারের মতো এবারও লাইলাতুল কদরের পরদিন অর্থাৎ রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা শবে কদর উপলক্ষে আলাদা আলাদা বিবৃতিতে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমআই/১২৪১ ঘ.
bdnews24