বরিশাল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন বাস সার্ভিস চালু করা নিয়ে বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন মড়কখোলা পুলের ঢালে শুক্রবার বাস ও টেম্পু শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
টেম্পু শ্রমিকরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে টেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ ফকির (৫০) ও প্রচার সম্পাদক খলিলুর রহমানকে (৩০) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় দুটি বাস ও ৫/৬টি টেম্পু ভাংচুর হয়েছে বলে দু'পক্ষ দাবি করেছে।
বাস শ্রমিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে টেম্পু শ্রমিকরা দুপুর ৩টা থেকে ধর্মঘট শুরু করেছে।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেম্পু ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।"
এ ব্যাপারে কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকার বাসিন্দা ওহাব মাতুব্বর শুক্রবার নগরীর মড়কখোলা পুল থেকে বাবুগঞ্জের লাকুটিয়া বাজার পর্যন্ত বাস সার্ভিস চালু করেন। এ নিয়েই বাস ও টেম্পু শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মড়কখোলা পুল থেকে বাবুগঞ্জ পর্যন্ত দিনে একবার যাতায়াতের জন্য বাস মালিক ওহাবকে অনুরোধ করেনটেম্পু শ্রমিকরা। কিন্তু বাস শ্রমিকরা একবার যাতায়াত করে মড়কখোলা পুল থেকে আবারও যাত্রী ওঠানোর চেষ্টা করলে তারা বাধা দেয়। এক পর্যায়ে তারা বাস ভাংচুর করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাস শ্রমিকরা ৫/৬টি টেম্পু ভাংচুর করে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বরিশাল টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম দাবি করেন, হামলায় টেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ ফকির (৫০), প্রচার সম্পাদক খলিলুর রহমান (৩০), বাস যাত্রী শাহজাহান (৪০), মাহতব (২৫), নাসির হাওলাদারসহ (৩০) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশরাফ ও খলিলকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হামলাকারী বাস শ্রমিকদের শাস্তির দাবিতে দুপুর ৩টা থেকে নগরীতে টেম্পু চলাচল বন্ধ রেখেছি। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টেম্পু চলাচল বন্ধ থাকবে।"
এ ব্যাপারে ওহাব মাতুব্বর বলেন, "বিআরটিএ থেকে আমি ওই রুটে বাস চালানোর অনুমতি নিয়েছি। কিন্ত বাস চালানো শুরু করার পর টেম্পু শ্রমিকরা আমার বাসটি ভংচুর করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24