বাগেরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের ফকিরহাট উপজেলার নুতন বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে ৭০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
সার পাচারের অভিযোগে আটক করা হয়েছে ট্রাক চালক আজিম উল্লাহ (৩৪) ও তার সহকারী শেখ মুকুল হোসেনকে। এদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরিয়া গ্রামে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, ট্রাকে সার পাচার হচ্ছে জানতে পেরে পুলিশের একটি দল ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট নুতন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে ট্রাকটি (যশোর ট-১১-০৮০৭) আটক করে পুলিশ তল্লাশি চালায়। উদ্ধার করা হয় ৭০ বস্তা ইউরিয়া সার।
আটক করা হয় ট্রাক চালক ও তার সহকারীকে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে মোল্লাহাট উপজেলার সরোসপুর গ্রামের শেখ মোস্তাইন ও ইসরাইল শেখ নামে দুই সার ডিলারের কাছ থেকে সার ক্রয় করে ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল বলে আটকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এরা দীর্ঘদিন ধরে ভারতে সার পাচার করে আসছিল বলে জানান ওসি এরশাদুল কবীর।
এ ঘটনায় ফকিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২২ ঘ.
bdnews24