ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সরকার বোরো সংগ্রহের সময়সীমা আরও একমাস বাড়িয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সম গোলাম কিবরিয়া বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাদ্য উপদেষ্টার অনুমোদন নিয়ে খাদ্য অধিদপ্তর এক মাস সময় বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে তিন লাখ মেট্রিক টন ধান ও ১০ লাখ মেট্রিক টন চাল অথবা মোট ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয় ২৮ টাকা। মে মাস থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়।
কিন্তু অভ্যন্তরীণ বাজারে চালের দাম এর চেয়ে বেশি হওয়ায় এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তাই সময় বাড়িয়ে লক্ষ্যমাত্রা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/২২৫৯ ঘ.
bdnews24