নীলফামারী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিস্তা সেচ প্রকল্পের একটি ড্রেজার থেকে ১৫০ লিটার ডিজেল পাচারের সময় বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া বিভাগীয় অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে।
পরে তাকে ডিজেলসহ ডিমলা থানায় সোপর্দ করা হয়।
ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, সকাল ৯টার দিকে পাউবো ডালিয়া ডিভিশনের যান্ত্রিক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকের যোগসাজশে ড্রেজার চালক সিরাজুল ইসলাম, আব্বাস আলী, লস্কর মোখলেসুর রহমান ও সচীন্দ্র নাথ সরকার তিস্তা সেচ প্রকল্পে পলি অপসারণ কাজে ব্যবহৃত ড্রেজার থেকে কমপক্ষে ১৫০ লিটার ডিজেল চুরি করেন।
বিকেলে চুরি করা ডিজেল পাচারের সময় পশ্চিম বাইশপুকুর গ্রামের লোকজন আবু বক্কর সিদ্দিককে আটক করে।
ডিমলা থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, জব্দকৃত ডিজেল ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক থানা হেফাজতে আছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পশ্চিম বাইশপুকুর গ্রামের আব্দুর কাদেরসহ আরও অনেকে অভিযোগ করেছেন, পলি অপসারণ কাজে কয়েক হাজার লিটার ডিজেল খরচ দেখানো হলেও বাস্তবে পলি অপসারণ করা হয় না। এর ফলে প্রকল্পের খালে পলি জমে ভূমি জেগে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24