২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার অবৈধ সম্পদ আছে কি না- সিন্ধান্ত হয়নি দুদকে

খালেদা জিয়া ও শেখ হাসিনার দখলে অবৈধ সম্পত্তি রয়েছে কি না- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনার দখলে অবৈধ সম্পত্তি রয়েছে কি না- সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান। একটি জাতীয় দৈনিকে 'তাদের অবৈধ সম্পত্তি নেই' এই শিরোনামে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে সাবেক দুই প্রধানমন্ত্রীর নামে কোনও অবৈধ সম্পত্তির সন্ধান মেলেনি। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হানিফ ইকবাল বলেন, "তাদের (দুই নেত্রী) নামে কোনও অবৈধ সম্পত্তি রয়েছে বা সম্পত্তির তথ্য তারা গোপন করেছেন- এ বিষয়ে কমিশনে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।" কারাগারে আটক অবস্থায় ওই বছরের ৬ আগস্ট খালেদা জিয়া তার আয়কর আইনজীবী আহমেদ আজম খানের মাধ্যমে সম্পত্তির হিসাব জমা দেন। এতে তিনি প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পত্তির কথা উল্লেখ করেন। একই বছরের ২ সেপ্টেম্বর শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির হিসাব দাখিল করেন। এতে তিনি প্রায় ৩ কোটি ১০ লাখ টাকার সম্পত্তির কথা উল্লেখ করেন বলে তার আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের জানান। গত বছরের ১৭ জুলাই খালেদ-হাসিনার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিস পাঠায় কমিশন। নোটিশ পাঠানোর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কমিশন দুই নেত্রীর নামে অবৈধ সম্পত্তি রাখার অভিযোগ আনেনি। খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পত্তি অনুসন্ধানের পর প্রাথমিক প্রতিবেদন কমিশনে জমা পড়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের কমিশনের মহাপরিচালক বলেন, "আমি এখনও তা জানি না। তবে দেখে বলতে পারব।" সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/এমএইচবি/১৯৩০ ঘ.