চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ।
সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সামনের ওই কর্মসূচিতে দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।
অনুমতি না থাকার কথা বলে পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলেও তা উপেক্ষা করেই প্রায় ১০ মিনিট মানববন্ধন করে মহিলা আওয়ামী লীগ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ক্যান্সার আক্রান্ত মেয়রের মেয়ের পাশে থাকার জন্য মানবিক দিক বিবেচনা করে মহিউদ্দিনের মুক্তি দাবি করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, কাউন্সিলর সাবিহা মুসা, রেহানা আক্তার রানু ওই কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24