২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন জুট মিল শান্ত, সীতাকুণ্ডের তিন কলে আন্দোলন শুরু

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। কিন্তু একই দাবিতে সীতাকুণ্ডের তিনটি পাটকলের শ্রমিকরা মঙ্গলবার আন্দেলন শুরু করেছে। সাত সপ্তাহের বকেয়া মজুরি, ২১ মাসের বকেয়া বেতন, ছাটাইকৃত ২৩ শ্রমিককে পুনর্বহালসহ চার দফা দাবিতে আমিন জুট মিলের শ্রমিকরা সোমবার থেকে আন্দোলন শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। কিন্তু একই দাবিতে সীতাকুণ্ডের তিনটি পাটকলের শ্রমিকরা মঙ্গলবার আন্দেলন শুরু করেছে। সাত সপ্তাহের বকেয়া মজুরি, ২১ মাসের বকেয়া বেতন, ছাটাইকৃত ২৩ শ্রমিককে পুনর্বহালসহ চার দফা দাবিতে আমিন জুট মিলের শ্রমিকরা সোমবার থেকে আন্দোলন শুরু করে। মঙ্গলবার মিল কর্তৃপক্ষের সঙ্গে প্রায় সাড়ে চার ঘণ্টা বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর শ্রমিক প্রতিনিধিরা বিকাল সাড়ে চারটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। ধর্মঘট স্থগিত করায় মিলে আবার স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলের মহাব্যবস্থাপক ছাটাইকৃত ২৩ জন শ্রমিককে পুনর্বহালের জন্য বিজেএমসিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন। এছাড়া ঈদের আগেই চলতি সপ্তাহের মজুরি ও বোনাস এবং বকেয়া ৭ সপ্তাহের মজুরির মধ্যে অন্তত এক সপ্তাহের মজুরি দেয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক প্রতিনিধিরা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে মহাব্যবস্থাপক আব্দুল মালেকসহ বিজেএমসি'র প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে কয়েক সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল, নূর আহম্মদ জুট মিল ও আর আর জুট মিলের কয়েকশ শ্রমিক মঙ্গলবার কারখানা চত্বরে বিক্ষোভ করেছে। সীতাকুণ্ড শিল্পাঞ্চলের পাট শ্রমিক নেতা ও হাফিজ জুট মিলের সিবিএ সম্পাদক তোফাজ্জল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের আগে হাফিজ জুট মিলে এক সপ্তাহের বকেয়া বেতন ও বোনাস এবং সরকার ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা, নূর আহম্মদ জুট মিলের সাড়ে সাত সপ্তাহের, আর আর জুট মিলের তিন সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেছে। আগামী তিন দিন বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে শ্রমিকরা ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করবে বলে জানান তিনি। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি মিলের শ্রমিকরা মিল চত্বরে বিক্ষোভ করলেও কেউ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে নামেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএইচবি/২২১২ ঘ.