ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্র্যান্সপারেন্সী ইন্টারন্যাশনালের (টিআই) বাংলাদেশের 'দুর্নীতি ধারণা সূচক-২০০৮' প্রতিবেদন নাকচ করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। দুর্নীতিগ্রস্ত দেশের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১০।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে তার বাসভবন 'জালালাবাদ হাউজ'-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এ অর্থমন্ত্রী বলেন,''আমি টিআইবি'র এরকম প্রতিবেদনের সবসময় বিরোধিতা করেছি। তাদের তথ্য সংগ্রহের ব্যবস্থাটি সঠিক নয়। লন্ডনেও আমি টিআইবি-র কর্মকর্তাদের এ বিষয়টি বলেছি। ''
তত্ত্বাবধায়ক সরকারের আমলের দুটি দুর্নীতি মামলার আসামী সাইফুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় তার বাসায় বিশ্বব্যাংক ও ডিএফআইডি-র আবাসিক প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেন। এ সময়ে বিএনপির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর বলেন, জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
একই সঙ্গে সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করে সাবেক অর্থমন্ত্রী বলেন,'' এ নির্বাচন হতেই হবে। দেশে বিএনপি ও আওয়ামী লীগ- এ দুইটি দলই পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে, অন্য কোনো দল নয়।''
উপজেলা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে উপজেলা নির্বাচন হওয়া উচিৎ।
এক সময়ের বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা হিসেবে পরিচিত সাইফুর রহমান সংস্কারপন্থীদের সর্ম্পকে বিরূপ মন্তব্য করে বলেন, ''আমি কখনোই তাদের সঙ্গে ছিলাম না, তাদের সঙ্গে যেতে চাই নাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২০ঘ.
bdnews24