ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের দায়িত্ব ব্র্যাককে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রাথমিক শিক্ষকরা। এ দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শিক্ষা আন্দোলন মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়।
অধ্যাপক অজয় রায় বলেন, "শিক্ষাস্তরের ভিত্তিমূল প্রাথমিক শিক্ষা। একে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে এর যথাযথ মূল্যায়ন হবে না।" তিনি অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন বলেন, "শিক্ষার প্রতি ভালোবাসা থেকে নয় বরং উদ্যোক্তাদের অর্থনৈতিক বিষয় জড়িত বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রের কর্তব্যই হলো সবার প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। কিন্তু একে বেসরকারিকরণের মাধ্যমে রাষ্ট্রের ভূমিকাকে সংকুচিত করা হয়েছে।"
তিনি আরো বলেন, এনজিও'র হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া আত্মহত্যারই শামিল। এজন্যে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, "বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ এর সাম্রাজবাদী রাজনীতি হচ্ছে সাহায্য। বিশ্বব্যাংকের এরকমই একটা প্রকল্প হচ্ছে প্রাথমিক শিক্ষাকে এনজিওর হাতে ছেড়ে দেওয়া।"
তিনি এ ব্যাপারে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্যে প্রাথমিক শিক্ষকদের আহবান জানান।
সরকারি প্রাথমিক শিক্ষক ফোরামের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, আমরা, সব প্রাথমিক শিক্ষকরা রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
শিক্ষা আন্দোলন মঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম তপন বলেন, সরকারের ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভাগীয় ও জেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির জন্য অবিলম্বে কর্মসূচি গ্রহণ করা হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুদ্দিন কবির আতিক।
এছাড়া নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এইচকেএম আরেফিন, ক্লিনিক্যাল সাইকোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মাহমুদুর রহমান সভায় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ মার্চ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৩ মার্চ পৃথক আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের দায়িত্ব ব্র্যাকের নিয়ন্ত্রণে দেওয়া হয়। এর মধ্যে ২০টি উপজেলায় প্রাথমিক শিক্ষকদের ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
নিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24