২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্পত্য কলহের বলি শিশু আলিফ

বাবা-মায়ের কলহের জেরে প্রাণ দিতে হলো তিন বছরের আলিফ হোসেনকে। মা লাইলী বেগম রোববার সন্ধ্যায় গুলশানের বাড়িতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছেলে আলিফকেও বড়ি খাওয়ান তিনি। দুজনকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার পর লাইলী বেগম বেঁচে গেলেও মৃত্যু হয় শিশু আলিফের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা-মায়ের কলহের জেরে প্রাণ দিতে হলো তিন বছরের আলিফ হোসেনকে। মা লাইলী বেগম রোববার সন্ধ্যায় গুলশানের বাড়িতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছেলে আলিফকেও বড়ি খাওয়ান তিনি। দুজনকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার পর লাইলী বেগম বেঁচে গেলেও মৃত্যু হয় শিশু আলিফের। এ ঘটনায় পুলিশ আলিফের বাবা সামির হোসেনকে গ্রেপ্তার করেছে এবং লাইলী বেগমকে হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে। নির্যাতনের অভিযোগে সামির ও তার মা-ভাই-বোনের বিরুদ্ধে একটি মামলা করেছেন লাইলীর বাবা সাইফুল ইসলাম। লাইলী-সামির দম্পতির আলেয়া (১৪ মাস) নামে আরেকটি সন্তান রয়েছে। গুলশান থানার উপপরিদর্শক আজমল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ইফতারির কিছুক্ষণ আগে গুলশানের বাসা থেকে মুমূর্ষু লাইলী বেগম ও আলিফকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, আলিফ মারা গেছে। লাইলী বেগম অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা জানান, সামির হোসেন গুলশান এক নম্বরের চাইনিজ রেস্তোরাঁ 'এ্যাবাকাস' এর মালিক। তার স্ত্রী লাইলী পুলিশের সাবেক পরিদর্শক সাইফুল ইসলামের মেয়ে। রোববারের ঘটনায় সাইফুল ইসলাম গুলশান থানায় একটি মামলা করেছেন। এতে সামির, তার ভাই শামীম হোসেন, বোন টুকু ও সামিরের মা'কে আসামি করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে উপপরিদর্শক আজমল বলেন, "২০০৪ সালে বিয়ে হওয়ার পর থেকে সামির ও তার মা, ভাই-বোন নানাভাবে লাইলীর ওপর নির্যাতন চালাতো। তাকে বাবার বাসায় যেতে দেওয়া হতো না। ঘটনার আগের দিন লাইলীর ভাই ও মামা তাকে আনতে তার স্বামীর বাসায় গেলে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।" আজমল জানান, আপাতত কেবল সামির হোসেনকেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ব্যাপারে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে তাদেরও গ্রেপ্তার করা হবে। অসুস্থ লাইলী বেগমকে হাসপাতালে নজরদারির মধ্যে রাখা হয়েছে। সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। 'এ্যাবাকাস'এর ম্যানেজার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বাসা থেকে ফোন আসার সঙ্গে সঙ্গে সামির রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। সামির হোসেনের বরাত দিয়ে আব্দুর রাজ্জাক জানান, অনেক ডাকাডাকির পরও লাইলী দরজা না খোলায় বিকল্প চাবি দিয়ে তা খোলা হয়। এরপর অচেতন মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সামির। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে আলিফের লাশ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এলএইচ/জেকে/১৮৩১ ঘ.