ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড সভা।
এটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলেই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কাজ শুরু করবে শিপিং কর্পোরেশন। সম্পূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটিকে পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হবে।
সোমবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বোর্ড সভায় প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নৌ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এমএ মতিন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "বিএসসিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরে আমরা সক্ষম হয়েছি। তবে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে প্রতিষ্ঠানটির আরও বেশ কিছু সময় লাগবে।"
তিনি বলেন, "ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অডিট শেষ হয়েছে। নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া শেষ করে পিএলসি করার সিদ্ধান্তটি আইন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলেই প্রস্তাবটি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।"
প্রতিষ্ঠানটি পিএলসি হিসেবে প্রাথমিকভাবে ৪ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়বে বলেও এমএ মতিন জানান।
বিএসসিকে কোম্পানি হয়ে কিভাবে পরিচালিত হবে- জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, "এটিকে সম্পূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হবে। এ দায়িত্ব দেশি বা বিদেশি যে কোনও প্রতিষ্ঠানেরই পাওয়ার সুযোগ থাকবে। প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে যা প্রয়োজন অপাররেটর তা করবে।"
প্রতিষ্ঠানটির দায় দেনার বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুল আহসান রাব্বানী সাংবাদিকদের বলেন, "এ কোম্পানির মোট সম্পদ রয়েছে ৯৪২ কোটি টাকার ওপরে। দেনার পরিমাণ ২১৪ কোটি টাকার বেশি। প্রায় ৭২৮ কোটি টাকার অতিরিক্ত সম্পদ আছে।"
তিনি জানান, গত মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে বিএসসিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৭২৬ ঘ.
bdnews24