২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে আমিন জুটমিলে শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

বকেয়া বেতন পরিশোধসহ চার দফা দাবিতে চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিকরা সোমবার মিল চত্বরে মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন পরিশোধসহ চার দফা দাবিতে চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিকরা সোমবার মিল চত্বরে মিছিল ও সমাবেশ করেছে। একই দাবিতে তারা মঙ্গলবার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। সকাল ১১টায় মিল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকরা অবিলম্বে দাবি মেনে নিয়ে ঈদের আগে বকেয়া বেতন ও মজুরি পরিশোধ এবং বদলি শ্রমিকদের পুনর্বহালের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। দাবি আদায়ে তারা মঙ্গলবার ধর্মঘট পালনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন লোকমান হোসেন, বাবুল মিয়া, মো. মহিউদ্দিন ও জাকির হোসেন। তবে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিবিএ নেতাদের কাউকে দেখা যায়নি। শ্রমিকদের দাবি মধ্যে আছে- সাত সপ্তাহের বকেয়া মজুরি, ২১ মাসের বকেয়া বেতন, ২৩ জন বদলি শ্রমিককে পুনর্বহাল, ক্যাজুয়াল ভিত্তিক শ্রমিক নিয়োগ বন্ধ এবং বাংলদেশ পাটকল সংস্থা- বিজেএমসির সার্কুলার অনুযায়ী বদলি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ। মো. রফিক নামে একজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি সপ্তাহ বাদে সাত সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এর মধ্যে রোজা ও ঈদের আগে বকেয়া পড়েছে দুই সপ্তাহের মজুরি। প্রায় এক বছর আগে পাঁচ সপ্তাহের বকেয়া মজুরি এখনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ অবস্থায় আড়াই হাজারের বেশি শ্রমিকের পরিবার অনাহারে অর্ধাহারে রয়েছে বলে তিনি জানান। আমিন জুট মিলের উপ-মহাব্যবস্থাপক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজেএমসি টাকা দিলেই শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে।" তবে কবে নাগাদ টাকা পাওয়া যেতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। আব্দুল মালেক, "বকেয়া মজুরির বিষয়টি প্রতি সপ্তাহেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিদিনের প্রতিবেদনে মিলের পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।" বদলি শ্রমিকদের চাকরিচ্যুতির বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও অনিয়মের কারণেই তাদের ছাঁটাই করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৫৩৬ ঘ.