ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি আগামী সোমবার হবে।
সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিক বিষয়টি দ্রুত নিস্পত্তির জন্য শুনানির দিন নির্ধারণের আবেদন জানালে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করে দেন।
সাবেক বিমান প্রতিমন্ত্রী আবদুল মান্নান গত ৬ আগস্ট এই রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৭ আগস্ট জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে দেয়। এই গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- নির্বাচন কমিশন ও সরকারের কাছে তার কারণও জানতে চায় আদালত।
গত ১০ জুলাই তিনশ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত এই গেজেট জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৫৩৩ ঘ.
bdnews24