২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো ও বিদ্যুৎ দুর্নীতি মামলায় হাসিনার জামিন আবেদন

নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। বুধবার আবেদন দুটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

াকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। বুধবার আবেদন দুটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। ব্যবসায়ী নূর আলীর চাঁদাবাজি মামলায় হাসিনার জামিনের আবেদনের ওপর একই দিন শুনানি হবে। সোমবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপপতি শেখ আবদুল আউয়ালের অবকাশকালীন বেঞ্চে শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আবেদন দুটি দায়ের করেন। জামিনের আবেদন দুটি দায়েরের পর ব্যারিস্টার তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় শেখ হাসিনার পক্ষে হাইকোর্টে পৃথক দুটি জামিনের আবেদন দায়ের করা হয়েছে। বুধবার আবেদন দুটির ওপর শুনানি হতে পারে।" তিনি আরও বলেন, "নূর আলীর মামলায় শেখ হাসিনার জামিন আবেদনের ওপর হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে বুধবার শুনানি হবে। এই তিনটি মামলায় জামিন পেলে তিনি জামিনে মুক্ত হবেন।" নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার জামিনের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে চিকিৎসার জন্য বর্তমানের বিদেশে রয়েছেন। তিনি অসুস্থ। স্বাস্থ্যগত কারণে তার জামিন প্রয়োজন। এছাড়া মামলা দুটির কার্যক্রম গত ৭ জুলাই হাইকোর্ট স্থগিত করেছিল। আপিল বিভাগও হাইকোর্টের সেই আদেশ বহাল রাখে। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের অবকাশকালীন বেঞ্চে নূর আলীর মামলায় শেখ হাসিনার জামিনের আবেদনটি কার্যতালিয়ায় শুনানির জন্য ১৭৭ নং ক্রমিকে অন্তর্ভূক্ত ছিল। হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক আবেদনটি শুনানির আর্জি জানালে আদালত আগামী বুধবার শুনানি দিন নির্ধারণ করে দেন। এই বেঞ্চে ২১ সেপ্টেম্বর আবেদনটি দায়ের করা হয়। দুদকের উপ পরিচালক এস এম সাব্বির হাসান গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করেন। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় এ বছর ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এস এম সাব্বির হাসান গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়। ২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রুপার চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই বছরের ৭ আগস্ট শেখ হাসিনার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় শেখ হাসিনাকে জামিন দেয়। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ হাসিনার সেই জামিন স্থগিত করে দেয়। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৪০৫ ঘ.