ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। রোববার দুপুর থেকে রাজধানীর অফিস ও বিপণিবিতান এলাকার রাস্তায় যানবাহনের ভিড় বাড়তে শুরু করে। তারপর রূপ নেয় ভয়াবহ জটের।
বিকেলে মহাখালী ফ্লাইওভারে নিচে একটি সিএনজিচালিত বাসে আগুন লেগে গেলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে প্রায় আধাঘণ্টা। এ কারণে সংলগ্ন রাস্তাগুলোতেও গাড়ির জট লাগতে থাকে। পাশাপাশি ইফতারের আগে বাড়ি ফেরার তাড়া আর ঈদের কেনাকাটার জন্য লোকজনের বিপণিবিতানের দিকে ছোটায় যানজট ঘনীভূত হয় এয়ারপোর্ট রোড, গুলশান, তেজগাঁও, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, শাহজাহানপুর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব জানান, মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডের বিশ্বরোড মোড় থেকে শেরাটন পর্যন্ত পৌছতে দেড় ঘণ্টা সময় লেগেছে। তিনি থমকে থাকা গাড়ির সারি দেখেছেন র্যাডিসন হোটেল থেকে বিজয়সরণির মোড় পর্যন্ত। মহাখালী ফ্লাইওভারের ওপর তিনি কিছুসময় আটকে ছিলেন।
বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মী মরিয়ম নেসা জানালেন, মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বাসে শ্যামলী আসতে পুরোপুরি তিন ঘণ্টা লেগেছে।
একটি দৈনিক পত্রিকার সাংবাদিক তার টিকাটুলির অফিস থেকে বিকেল সাড়ে ৩টার সময় বের হয়েও সোনারগাঁও হোটেলে ইফতারের আগে পৌঁছতে পারেননি। এখানে একটি ইফতার অনুষ্ঠানের খবর সংগ্রহ করার কথা ছিল তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24