২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অপরাধ বাড়ার কথা স্বীকার করলেন পুলিশ কমিশনার

গত কিছুদিন ধরে রাজধানীতে অপরাধের মাত্রা যে বেড়েছে তা স্বীকার করলেন মহানগর পুলিশের কমিশনার নাইম আহমেদ। তবে তার দাবি, এ বিষয়ে পুলিশের দৃষ্টি সজাগ; তারা অভিযানও অব্যাহত রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- গত কিছুদিন ধরে রাজধানীতে অপরাধের মাত্রা যে বেড়েছে তা স্বীকার করলেন মহানগর পুলিশের কমিশনার নাইম আহমেদ। তবে তার দাবি, এ বিষয়ে পুলিশের দৃষ্টি সজাগ; তারা অভিযানও অব্যাহত রেখেছে। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের মাসিক অপরাধ সভা শেষে নাইম আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। গত জুলাই ও আগস্ট মাসের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান দিয়ে কমিশনার জানান, জুলাই মাসে ডাকাতি হয়েছে ১৩টি। পরের মাসে তা বেড়ে হয়েছে ১৫টি। জুলাইয়ে ৩৩টি খুন হয়েছে, আর আগস্টে হয়েছে ৩০টি। জুলাই মাসে ১৪১টি নারী নির্যাতনের ঘটনা ঘটলেও আগস্টে তা বেড়ে ১৬০টি হয়েছে । আগস্টে অপহরণের ঘটনা ঘটেছে ২২টি, পক্ষান্তরে জুলাই মাসে ১০টি অপহরণ হয়েছিল। কমিশনার বলেন, "তুলনামূলকভাবে অপরাধের মাত্রা কমেনি। জুলাই মাসে মোট মামলা হয়েছিল ২০৫৮টি। আর আগস্টে হয়েছে ২১৬৭টি মামলা।" মহানগর পুলিশের হিসাব অনুযায়ী, রাজধানীতে ১৭৫৮ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামির মধ্যে আগস্টে মাত্র ৭৩ জনকে গ্রেপ্তার করা গেছে। বাকি ১৬৮৫ জন পুলিশের ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ হাজার ৪৮২ জনের মধ্যে আগস্ট মাসে মাত্র ১৭১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসহনীয় যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে নাইম আহমেদ বলেন, রাজধানীতে যে হারে গাড়ির সংখ্যা বাড়ছে সে তুলনায় রাস্তার সংখ্যা কম। বিকাল সাড়ে ৩টার দিকে অফিস ফেরতা লোকজন একসঙ্গে রাস্তায় নামে বলে যানজটের সৃষ্টি হয়। আবার ইফতারের সময় রাস্তা ফাঁকা হয়ে যায়। এ সময়টিকে কাজে লাগানোর জন্য রাজধানীতে ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। কমিশনার আরও জানান, ঈদে ঘরমুখী মানুষের বিড়ম্বনা রোধে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে