ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তাহমিলুর রহমানকে আট বছর কারাদণ্ড দিয়েছে সংসদ ভবনের বিশেষ আদালত। তার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় রোববার এ দণ্ডাদেশ দেন। তবে দণ্ডপ্রাপ্ত তাহমিলুর পলাতক।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় আদালত সাবেক এই ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
রায়ে অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য তাহমিলুরকে পাঁচ বছর এবং সম্পদের তথ্য গোপনের জন্য তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। তার অবৈধভাবে অর্জিত সব সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। তাহমিলুর আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় তাহমিলুরের স্ত্রী শামীমা বেগমকেও আসামি করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালত বাতিল করে দেয়।
গত ২৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম মঞ্জুর আহমেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আসামি তাহমিলুর কমিশনে দাখিল করা বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৭০ টাকার অবৈধ সম্পত্তির তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24