ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুস সালাম বাবু হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এর হলেন- ঝুট ব্যবসায়ী আব্দুস সালাম, কথিত পেশাদার খুনি মিন্টু ও সালামের সহযোগী জুয়েল। গোয়েন্দা পুলিশ বলছে, আব্দুস সালাম ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে বাবুকে হত্যা করে।
শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত ১৫ সেপ্টেম্বর সকালে নিজের কারখানার পাশে ইয়ক গ্র"পের পরিচালক আব্দুস সালাম বাবুকে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার রাতে কাফরুল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সালাম ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আওলাদ হোসেন জানান, ঝুট ব্যবসার বিরোধের জের ধরে আব্দুস সালাম বাবুকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে চারজন ভাড়াটে হত্যাকারীসহ ছয়জন অংশ নেয়।
আওলাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত সালাম ও মিন্টু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্র"পের সদস্য। এদের মধ্যে সালাম তার সহযোগী জুয়েলকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করে। সালামের পরিচিত ও সহযোগী চার পেশাদার খুনিকে দিয়ে বাবুকে হত্যা করায় সে।
গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত মিন্টুকে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপর সন্ত্রাসী সাকা, ইলিয়াস ও শামিমকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
ঝুট ব্যবসায়ী সালাম গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের জানান, বিভিন্ন সময় আব্দুস সালাম বাবুর সঙ্গে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সে জুয়েলসহ অন্যদের নিয়ে বাবুকে হত্যার পরিকল্পনা করে।
সালাম আরো জানান, পেশাদার সন্ত্রাসী সাকা, ইলিয়াস, মিন্টু ও শামিম তার পূর্ব পরিচিত। 'ব্যবসায়ীক' প্রয়োজনে সব সময় এসব সন্ত্রাসীর সঙ্গে তার সখ্য ছিল। বিনিময়ে প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা তাদের দিতে হতো। ঝুটের ব্যবসা করে তার প্রতিমাসে আয় হতো ১ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩১৭ ঘ.
bdnews24