২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও সাতক্ষীরায় শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও সাতক্ষীরায় শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় মারা গেছেন একজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। সাতক্ষীরা সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছেন এক ভ্যান চালক। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ইউসুফ আলী (৪৭) মারা গেছেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুল জানান, সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা বাজার এলাকায় ট্রাক চাপায় ইউসুফ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে শিবগঞ্জের কামালপুর এমইডি দাখিল মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান (৩৫) নসিমনে চড়ে (ইঞ্জিন চালিত যান) শিবগঞ্জ উপজেলার মীর্জাপুর গ্রামে ফিরছিলেন। এসময় একটি চাকা খুলে নসিমনটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। কুমিল্লা প্রতিনিধি জানান, চৌদ্দগ্রাম উপজেলার বাতিশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকালে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল আমিন জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় বাতিশা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ম্ইাক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসযাত্রী ডেসটিনি ২০০০ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জহিরুল ইসলাম ও মাইক্রোবাস চালক পিরোজপুর জেলার বাদশা মিয়া। তিনি জানান, পুলিশ মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক। এ ব্যপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-যশোর মহাসড়কে সদর উপজেলার মাধবকাটি এলাকায় শনিবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আহাদ (৩২) নামে এক ভ্যান চালক নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ ও তার মা রাবেয়া খাতুন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আব্দুল আহাদ সদর উপজেলার তজুলপুর গ্রামের আজগর আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যশোরগামী একটি যাত্রীবাহী বাস মাধবকাটি বাজার এলাকায় একটি ভ্যান ও একটি মটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ভ্যান চালক আব্দুল আহাদ ঘটনাস্থলে নিহত হন। এ সময় মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ ও তার মা রাবেয়া খাতুন মারাত্মক আহত হন। তিনি জানান, আবুল কালাম আজাদ তার মাকে নিয়ে মটরসাইকেলে শহর থেকে গ্রামের বাড়ি তুজুলপুর যাচ্ছিলেন। তাদের দু'জনকেই আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.