২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিজের বাসায় বৃদ্ধ খুন

রাজধানীর মধ্যবাড্ডায় বৃহস্পতিবার জয়নাল আবেদীন (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। হাত-পা বাঁধা ও মুখে তোয়ালে গোঁজা আবস্থায় নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা ,সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্যবাড্ডায় বৃহস্পতিবার জয়নাল আবেদীন (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। হাত-পা বাঁধা ও মুখে তোয়ালে গোঁজা আবস্থায় নিজের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ খুন হয়ে থাকতে পরেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে জয়নাল খুন হন। তিনি জানান, মধ্যবাড্ডা ,আদর্শনগরে প্রায় ৬ কাঠা জমির ওপর একটি টিনশেড বাড়িতে জয়নাল আবেদীন তার ছোট মেয়ে উম্মে হাবিবা আবেদীন জাকিয়া ও মেয়ের জামাই ডা. কামরুল হাসানকে নিয়ে থাকতেন। কামরুল মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চাকরি করেন। আর উম্মে হাবিবা একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্রী। বড় মেয়ে স্বামী-সন্তান নিয়ে ঢাকায় অন্যত্র থাকেন। জয়নাল আবেদীনের কোনো ছেলে নেই। কামরুল হাসানের বাবা কিছুদিন আগে এ বাসায় ওঠেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জয়নাল আবেদীনকে বাড়িতে একা রেখে কামরুল বাবা ও তার স্ত্রীকে নিয়ে বাইরে যান। প্রায় দুই ঘণ্টা পর বাসায় ফিরে তারা ড্রইং রুমে জয়নাল আবেদীনের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিজামউদ্দিন হাওলাদার জানান, বাসা থেকে জয়নাল আবেদীনের মোবাইল ফোন ছাড়া আর কিছু খোয়া যায়নি। তবে তার শোবার ঘরের বিছানা এলোমেলো ছিল। মধ্য বাড্ডার ওই জমি ও বাড়ির মালিকানা রয়েছে জয়নাল আবেদীনের স্ত্রীর নামে। তিনি মারা গেছেন প্রায় ২৪ বছর আগে। বাসার সামনের কিছুটা অংশ মাসিক ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে। সেখানে একটি গাড়ির শো'রুম রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জয়নাল আবেদীনের মেয়ের বক্তব্যে কিছুটা গড়মিল পাওয়া গেছে। তিনি পুলিশকে বলেছেন, সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বেরিয়ে তিনি শ্বশুড়কে নিয়ে স্বামীর কর্মস্থলে যান। সেখানে শ্বশুড়কে ডাক্তার দেখিয়ে গুলশানে ব্যাংকের কাজ সারেন। এরপর তিনি বাসায় ফেরেন। নিজামউদ্দিন বলেন, "সকালের ব্যস্ত রাস্তায় বাড্ডা থেকে মিরপুর, গুলশান হয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে বাসায় ফেরা একটু অসম্ভব মনে হচ্ছে।" পুলিশ কর্মকর্তা জানান, জয়নাল আবেদীনের দুই মেয়ের মধ্যে এই জমি নিয়ে গণ্ডোগোল রয়েছে। এর জের ধরে তিনি খুন হয়ে থাকতে পরেন। এ জন্য সব কিছু খতিয়ে দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২৩৫ ঘ.