২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বাঁচাতে সব শিল্প কারখানা স্থানান্তরের দাবি

রাজধানী ঢাকাকে দূষণ থেকে বাঁচাতে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পারিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাকে দূষণ থেকে বাঁচাতে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পারিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বৃহস্পতিবার বেলা আয়োজিত 'নদী দূষণ ও পরিবেশ রক্ষা' শীর্ষক এক পরামর্শ সভায় বক্তারা বলেন, মানবসৃষ্ট দূষণের কারণে ঢাকা শহর শঙ্কার মধ্যে পড়েছে। বুড়িগঙ্গার দূষণ মেঘনা পর্যন্ত পৌঁছে গেছে। স্বাগত বক্তব্যে বেলার পরিচালক অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেন, "আমরা ঢাকার আশপাশের ৬টি নদী চি‎ি‎হ্নত করেছি। সরেজমিনে নদীগুলোর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় জনসাধারণকেও এ কাজে সম্পৃক্ত করা হবে।" ঢাকা থেকে সব শিল্প কারখানা সরিয়ে নেয়ার দাবির সমর্থনে তিনি বলেন, "ভারতের দিল্লীকেও এভাবেই রক্ষা করা হয়েছে।" পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক বলেন, "ওয়াসার প্ল্যান্টে ঢাকার ১০ ভাগ বর্জ্যরে শোধন সম্ভব। বাকি ৯০ ভাগ নদীতে যাচ্ছে। এভাবে দূষণ মেঘনার ষাটনল পর্যন্ত পৌঁছে গেছে। এতে ইলিশের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে।" তিনি বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী নদীগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু পানি উন্নয়ন বোর্ড চুপ করে আছে।" ঢাকা ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক হাশেম সূফী বলেন, "নদীগুলো রক্ষায় জনসমর্থন দরকার। সরকার নদীর তীর ইজারা দেয়। এ ইজারা দেওয়ার মাধ্যমেই নদী দখল হয়। ইজারা দেওয়া বন্ধ করতে হবে।" তিনি বলেন, "প্রাকৃতিক কারণে অনেক শহর মরে যায়, ধ্বংসও হয়। কিন্তু আমাদের ঢাকা শহর মানব সৃষ্ট কারণে মরে যাওয়ার শঙ্কার মধ্যে রয়েছে।" সিটি করপোরেশনের ৬১ নম্বর ওয়ার্ড কমিশনার আলতাফ হোসেন বলেন, গৃহস্থালী বর্জ্যরে পাশাপাশি শিল্প কারখানার বর্জ্য দূষণ বাড়াচ্ছে। এসব শিল্প কারখানাকে নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপনে বাধ্য করা উচিত। তারা কোটি কোটি টাকা মুনাফা করছে। অথচ জনসাধারণের ক্ষতি করছে। ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসাইন খান বলেন, "১০ বছর পরে ঢাকায় সুপেয় পানি পাওয়া যাবে না। এখনই রাজধানীতে পানির জন্য হাহাকার দেখা দিচ্ছে। ঢাকা শহর থেকে শিল্প কারখানা সরাতে হবে। প্রয়োজনে সদর ঘাট লঞ্চ টার্মিনালও স্থানান্তর করতে হবে।" অন্যান্যের মধ্যে অধ্যাপক মোহাম্মদ আলী, পুরান ঢাকার বাসিন্দা ওয়ালিউল্লাহ ও মাওলা বক্স ট্রাস্টের চেয়ারম্যান আজিম বক্স পরামর্শ সভায় বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২১০২ ঘ.