২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভিপি ফারুক হত্যা মামলায় ২১ আসামির জামিন

বরিশালে আলোচিত ছাত্রলীগ নেতা ভিপি ফারুক হত্যা মামলায় ২১ আসামিকে জামিন দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১২ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে আলোচিত ছাত্রলীগ নেতা ভিপি ফারুক হত্যা মামলায় ২১ আসামিকে জামিন দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১২ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। মামলার ২২ আসামির মধ্যে বিএনপির বরিশাল জেলা কমিটির সদস্য এবায়েদুল হক চানসহ ২১ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। মুখ্য বিচার বিভাগীয় হাকিম মাঈনুদ্দীন ইসলাম আসামিদের জামিন মঞ্জুর করেন। এছাড়া আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। মামলার ২২ জন আসামির মধ্যে শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। বাকি ২১ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- এবায়েদুল হক চানের ভাই মো. কয়েস, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রুস্তম আলী মোল্লা, দুধন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জুয়েল, ৪ আগস্ট অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মারুফ হোসেন। ২০০২ সালে ২৪ জানয়ারি সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইদুর রহমান ফারুককে অপহরণ করে অমানুষিক নির্যাতন করা হয়। ৬ ফেব্র"য়ারি ঢাকার একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। ২০০৭ সালের ২৫ এপ্রিল ২৮ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় অন্যতম আসামি করা হয় বিএনপি নেতা ও এবারের সিটি করপোরেশনে নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী এবায়েদুল হক চানকে। তদন্ত ভার দেওয়া হয় কোতয়ালী থানার উপ-পরিদর্শক মীর কাশেমকে। চলতি বছরের ২৯ জুলাই চানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৮ ঘ.