২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় উন্নয়ন প্রকল্প শেষ করতে উপদেষ্টার তাগিদ

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মেয়াদ শেষ ও দায়িত্ব হস্তান্তরের আগেই তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া স্থানীয় উন্নয়ন প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মেয়াদ শেষ ও দায়িত্ব হস্তান্তরের আগেই তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া স্থানীয় উন্নয়ন প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় জেলা পরিষদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন ৪২টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় কবি, শিল্পাচার্য ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ, ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর নির্মাণ, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যশোরের সাগরদাড়িতে মাইকেল মধুুসুদন দত্তের নামে সাংস্কৃতিক একাডেমি ও উন্মুক্ত মঞ্চ স্থাপন, কুষ্টিয়ায় মীর মোশাররফ হোসেন লাইব্রেরি ও মিলনায়তন এবং শিলাইদহ কুঠিবাড়িতে সাংস্কৃতিক একাডেমি ও রবীন্দ্র উন্মুক্ত মঞ্চ স্থাপন প্রকল্প। সভায় স্থানীয় সরকার সচিব শেখ খুরশীদ আলম, বিভিন্ন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও তাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪০ঘ.